প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Dec 3, 2025
ইসির নিবন্ধন সার্টিফিকেট পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), প্রতীক ‘শাপলা কলি
’
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন (ইসি) থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে। দলের পক্ষে সার্টিফিকেট গ্রহণ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় দলটির জন্য ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ করা হয়।
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
নাহিদ ইসলাম বলেন, নিবন্ধনের শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন। নানা বাধা-বিপত্তি অতিক্রম করে অবশেষে প্রতীক বরাদ্দ পাওয়ায় তিনি ইসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ‘শাপলা কলি’ প্রতীকে এবারের জাতীয় নির্বাচনে এনসিপি অংশ নেবে।
ইসির আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, কিছু রাজনৈতিক দল এ সংশোধনী বাতিলে চাপ সৃষ্টি করছে এবং আদালতের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করছে—এটি দুঃখজনক। তিনি ইসিকে এই বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান।
নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, প্রার্থীদের হলফনামার তথ্য সঠিকভাবে যাচাই-বাছাই করা জরুরি। পাশাপাশি অর্থ ব্যয়ের ক্ষেত্রে ইসিকে কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানান। যারা কালো টাকা ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
ডিসি ও এসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাব রয়েছে দাবি করে নাহিদ ইসলাম বলেন, এসব প্রভাবের কারণে নির্বাচনে পক্ষপাতিত্বের আশঙ্কা থেকে যাচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।
এছাড়া গণভোটের প্রশ্ন যথাযথভাবে প্রচার না হলে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাবে না বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। অপতথ্য রোধেও বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এনসিপি নেতা।
এনসিপি আশা প্রকাশ করেছে, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।